নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বমানের উইকেটেই খেলবে বাংলাদেশ: পরিচালক মিঠু

অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল; বিসিবি পরিচালক ইফতেখার মিঠু
ক্রিকেট
এখন মাঠে
0

তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। বিশ্বমানের উইকেটে খেলেই দলটির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা— এমনটা আশা করছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। অন্যদিকে, সিরিজ দু’টি সম্প্রচারে যে কোম্পানি লাভজনক হবে তাদেরকেই দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

১৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ ও টি-টোয়েন্টির শেষ ম্যাচটি হবে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

উইকেট নিয়ে সমালোচনা থাকলেও, পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজটিতে সংশ্লিষ্টদের কাছে ‘পাশ মার্ক’ পেয়েছে মিরপুরের উইকেট। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বোলার ও ব্যাটার উভয় পক্ষই পেয়েছে পিচের সুবিধা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ভালো উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

ইফতেখার মিঠু বলেন, ‘আগের মতো লো বাউন্স, টার্নিং উইকেটে আমরা যাচ্ছি না, এবার ফেয়ার অ্যান্ড স্কয়ার রাখা হয়েছে। নিউজিল্যান্ডেরও একই উইকেট হবে।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে এরইমধ্যে দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ শক্তির দল দেয়নি নিউজিল্যান্ড— এমন কথা উঠলেও বিসিবির এ পরিচালক মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবাই তার সেরা দল নিয়েই মাঠে নামে।

আরও পড়ুন:

মিঠু বলেন, ‘এ/বি/সি টিম বলে কিছু নেই। নিউজিল্যান্ড টিম মানে নিউজিল্যান্ডই। আমি মনে করি না কেউ ইচ্ছা করে হারতে চায়। ওদের অ্যাভেইলেবল রিসোর্স অনুযায়ী দল পাঠিয়েছে।’

নিউজিল্যান্ড সিরিজে সম্প্রচার কোম্পানি নিয়ে আভাস দিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। তিনি জানিয়েছেন, বিসিবি যাদের যোগ্য ও লাভবান মনে করবে, তারাই সম্প্রচারের দায়িত্বে থাকবে।

বিসিবির এ পরিচালক বলেন, ‘যেটা ক্রিকেট বোর্ডের জন্য লাভজনক হবে, কম্প্যারাটিভ স্টেটমেন্ট করে যেটা লাভজনক হবে, আমার জানামতে সেটাই করা হবে।’

নিউজিল্যান্ড সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বাংলাদেশ। এরই মধ্যে ফিটনেস ক্যাম্প শেষ করেছেন মিরাজ-লিটনরা। আগামীকাল (শুক্রবার, ৩ এপ্রিল) থেকে স্কিল ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

এসএইচ