দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি নিউজিল্যান্ড-বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে উজ্জীবিত টাইগার শিবিরের লক্ষ্য ঢাকায় ফেরার আগেই সিরিজ নিশ্চিত করলা। অনভিজ্ঞ কিউইরা মরিয়া সমতায় ফিরতে। চট্টগ্রামে ম্যাচ শুরু আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুর ২টায়।

শামীম পাটোয়ারীর শটটা যেন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি! ব্যাটার নিজে তাকাননি তবে কিউই কিংবা সমর্থকরা দেখেছেন বিস্ফোরিত চোখে!

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শামীম একা নন, টিম বাংলাদেশই খেলেছে স্বভাববিরুদ্ধ ক্রিকেট। সংক্ষিপ্ত সংস্করণে কিউইদের বিপক্ষে এত রান তাড়া করে জয়ের নজির যেমন এটিই প্রথম তেমনি দলের মিডল অর্ডারের তিন ব্যাটারেরই দুই শতাধিক স্ট্রাইক রেইটে খেলার নজিরও এটিই প্রথম। টপ অর্ডারের ধীর-স্থির সূচনার পর ১০ এর বেশি রান তোলার গতিও যে সহসাই দেখা যায় না টাইগার ক্রিকেটে!

সিরিজের প্রথম ম্যাচে এমন দাপুটে জয়ের পর দল প্রাণশক্তিতে ভরপুর থাকবে সেটিই স্বাভাবিক। আত্মবিশ্বাসী লিটন দাস-তাওহীদ হৃদয়রা চোখ রাখছেন পরের ম্যাচে। বন্দর নগরীতেই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে চাইবেন তারা। রাজধানীতে ফিরতে চাইবেন ফুরফুরে মেজাজে।

তবে প্রথম ম্যাচে বোলাররা যে হারে রান খরচ করেছেন সেটি কিছুটা অস্বস্তি দিতে পারে। শরিফুল-তানজিম সাকিব আর নবাগত রিপন মণ্ডলরা রান দিয়েছেন উদার হাতে। শেখ মেহেদি আর রিশাদ মিলে রাশ টেনে না ধরলে বিপদেই পড়তে হতো স্বাগতিকদের। এ ম্যাচেও তাই বাড়তি দায়িত্ব থাকবে স্পিনারদের কাঁধেই।

বাংলাদেশ দলের অলরাউন্ডার শেখ মেহেদি বলেন, স্পিনারদের রোল সবসময় একটা বড় ভূমিকা পালন করে দলে। এই সিরিজটাও একই। যেই খেলুক আসলে সবাই যেহেতু এখনো আমাদের নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে কেউ না কেউ ভালো করছে।

দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি থেকে সেরে উঠতে পারলে ফিরবেন দলটির অধিনায়ক টম ল্যাথাম। বোলিং আক্রমণে পরিবর্তন আনতে চাইলে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার জেইডেন লেনক্স। যেকোনো মূল্যে সমতায় ফিরতে মরিয়া থাকবে ব্ল্যাক ক্যাপরা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজটাও খোয়াতে চায় না দলটি।

যদিও টাইগারদের সিরিজ জয়ের বাসনা কিংবা কিউইদের সমতায় ফেরার চেষ্টা, সবই হার মানতে পারে বৈরি আবহাওয়ার কাছে। চট্টগ্রামের আকাশ যে চোখ রাঙাচ্ছে, যেকোনো মূহুর্তে নেমে আসতে পারে মুষলধারার বৃষ্টি।

ইএ