ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলাকে ‘সন্ত্রাস’ বললেন মার্কিন দূত

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি
বিদেশে এখন
0

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা ইহুদি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ‘ভয়াবহ সন্ত্রাসী কাজ’ বলে নিন্দা জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাবলুসের কুসরা গ্রামে গত রোববার থেকে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর অবরুদ্ধ করে রেখেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মালিকানাধীন বাড়িও রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অবরোধের কারণে তারা খাবারসহ অন্যান্য জরুরি সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া নিয়ে ওঠা সমালোচনার জবাবে জেরুজালেমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হাকাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘যারা এই পরিবারের বাড়ির সঙ্গে এমন করছে, তাদের কাজ ফৌজদারি অপরাধ। এই পরিবারকে ভয় দেখাতে ও হয়রানি করতে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কাজ চালাচ্ছে, তাদের কর্মকাণ্ড ঘৃণ্য। এই ধরনের গুন্ডামির কোনো অজুহাত হতে পারে না।’ হাকাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধেই এর গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইল এতে হস্তক্ষেপ করেছে।

উল্লেখ্য, হাকাবির এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান যাজক এবং অতীতে তিনি ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে সমর্থন করে এসেছেন এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকেও প্রত্যাখ্যান করেছেন।

এএম