হাসানের পর এবার ‘প্রথম’ তামিম

শতক হাকানোর পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে তামিমের উদযাপনের মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
1

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে হাসান মাহমুদের আগুনে বোলিংয়ের সামনে যেন দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম বাংলাদেশি হিসেবে হাসান গড়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট নেয়ার কীর্তি। এবার দ্বিতীয় দিনে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাকালেন তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশি পেসারদের আগুনে বোলিংয়ে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া, যা এখন পর্যন্ত টেস্টে টাইগারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রানের ইনিংস। এই ইনিংসের সবকটি উইকেটই শিকার করেছেন পেসাররা। হাসানের ৬ উইকেটের পাশাপাশি তাসকিন ও এবাদত পেয়েছেন ২টি করে উইকেট।

এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান তুলে ড্রেসিংরুমে ফিরেছিলো তামিম-মুমিনুলরা। মিচেল স্টার্কের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে দিনের একমাত্র উইকেট হারিয়েছিলেন সাদমান।

আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দ্বিতীয় দিনে প্রথম সেশনেই স্ট্যাম্পের বাইরের বাউন্সি বল ছুঁয়ে নিজের উইকেট হারান মুমিনুল। তিনি জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে ‘কট-বিহাইন্ড’ হওয়ার আগে গড়েন ৪৯ রান। এতে শেষ হয় তাদের শত রানের পার্টনারশিপ। এ জুটি থেকে আসে ১০২ রান।

এরপরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে তানজিদ ও নাজমুল হোসেন শান্ত। এই পার্টনারশিপ থেকে আসে ৯৩ রান। আর এর মাঝেই নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তামিম, যেটি বাংলাদেশি হিসেবেও অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাদের মাটিতে প্রথম শতক।

শত রানের এই ইনিংসে তিনি মোট ৯ বার বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে, যার মধ্যে ছিলো ১টি ছয় ও ৮টি চারের মার। শতক হাকানোর ঠিক পরেই তামিম থামেন ১০১ রানে, নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এদিকে আরেকপাশ আগলে রেখে অর্ধশতক করেছেন শান্ত। তামিম ফেরার পর ক্রিজে আসেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এরই মধ্যে শান্ত-মুশফিক জুটিও পেরিয়েছে অর্ধশত রান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৮৫ রানে ব্যাট করছে। এতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৭ রানের।

এসএইচ