অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ শেষে এবার আফগানিস্তান পরীক্ষার সামনে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টে শুক্রবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
সাম্প্রতিক পারফরম্যান্স আর অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ। তবে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে চান না নাজমুল হোসেন শান্ত। বরং প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখে পরিকল্পনা সাজাতে চান টাইগার অধিনায়ক।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ভালো সিরিজ কাটিয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি, সেটা অতীত। সামনে নতুন সিরিজ, নতুন কন্ডিশনে নতুন প্রতিপক্ষ। সেটা মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজাবো।’
আরও পড়ুন:
ম্যাচ শুরুর আগে বারবারই আলোচনায় উঠে এসেছে আবু ধাবির গরম আবহাওয়া। কখনো কখনো তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির মাত্রা। তবে এটিকে অজুহাত হিসেবে দেখতে চান না শান্ত। অসুস্থতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে না পারলেও এখন পূর্ণ প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।
অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন একটু গরম, সেটা থাকবেই। তবে আমি একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে একদমই অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয়, খেলোয়াড়রাও এটা নিয়ে বেশি চিন্তা করছে না। আমার ব্যক্তিগতভাবে রিকভারি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। শেষ দুই দিন অনুশীলন করেছি, বেশ ভালো অনুভব করছি।’
ম্যাচে কেমন পিচ হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে ভালো উইকেটের প্রত্যাশাই করছে বাংলাদেশ।





