বেতন জটিলতায় কোলম্যানকে নিয়ে অনিশ্চয়তা, বিকল্প ভাবনায় মিকেল-স্টর্কস

বাফুফে কোচ নির্বাচন

বাফুফে ভবন
ফুটবল
এখন মাঠে
0

জাতীয় ফুটবলের দলের নতুন কোচ কে হবেন? বাংলাদেশের ফুটবল পাড়ায় সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রশ্ন এটাই। আলোচনার শীর্ষে কোলম্যান থাকলেও চড়া বেতনের কারণে তার নিয়োগের বিষয়টি দোদুল্যমান। সেক্ষেত্রে শেষ সময়ে মিকেল-স্টর্কসের ওপরই আস্থা রাখতে হতে পারে বাফুফেকে। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সম্ভাব্য সেরা কোচ নিয়োগে ফুটবল ফেডারেশনকে সার্বিক সহযোগিতা করবে ক্রীড়া মন্ত্রণালয়।

হামজা চৌধুরীরা জাতীয় দলে যোগ দেয়ায় ফুটবলের অস্তগামী জনপ্রিয়তায় আবারো এসেছে ভরা জোয়ার। তবে হামজা-জামালদের ঘিরে যে স্বপ্নের জাল বোনা হয়েছিলো সেটা ঠিকঠাক মেলে ধরেতে পারেননি হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে ক্যাবরেরার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে দফায় দফায় বৈঠক করলেও সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে।

পেশাদার ও অভিজ্ঞতায় নতুন কোচ হিসেবে সবার চেয়ে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। তবে সহকারী সহ মাসিক ৩৫ হাজার ডলার বেতন চাওয়ায় আবারো তৈরি হয় ধোঁয়াশা। বাফুফের বর্তমান আর্থিক সক্ষমতায় যেটা প্রায় অসম্ভব। শেষমেশ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আলোচনা করে ১৫ই মে শুক্রবার ঘোষণা করা হবে নতুন কোচের নাম।

তবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোচ নিয়োগের ভর্তুকি হিসেবে প্রতিমাসে প্রায় ১৫-২০ হাজার ডলার আর্থিক সাহায্যের হিসেবটাও মিলছিলো না ফুটবল বোদ্ধাদের। তবে ময়মনসিংহে ফুটবল ম্যাচ উদ্বোধনে গিয়ে বাফুফের জন্য সুখবরই দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুন:

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমার সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালের কথা হয়েছে। দুই-একদিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ।’

জাতীয় দলের কোচ হতে আগ্রহীদের ২০০ শতাধিক সিভি জমা পড়ে বাফুফেতে। সংক্ষিপ্ত তালিকায় ঘুরে ফিরে এসেছে ক্রিস কোলম্যান-বার্নড স্টর্কস-রোজারিও মিকেলের নামও। আলোচনা কিংবা পছন্দে কোলম্যান এগিয়ে থাকলেও শেষপর্যন্ত যদি ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের আর্থিক সমীকরণ না মেলে তাহলে বার্নড স্টর্কস কিংবা রোজারিও মিকেলের দিকে ঝুঁকতে পারে ফুটবল ফেডারেশন।

ইএ