এক দশকের গড়া রাজত্ব থেকে বিদায়ের আভাস গার্দিওলার

পেপ গার্দিওলা
ফুটবল
এখন মাঠে
0

ফুটবল ইতিহাসের অন্যতম সফল এবং প্রভাবশালী এক অধ্যায়ের যবনিকা পড়তে চলেছে ম্যানচেস্টারে। এক দশক ধরে ইতিহাদ স্টেডিয়ামে যে রাজত্ব গড়ে তুলেছিলেন পেপ গার্দিওলা, তারই শেষটা ঘটতে যাচ্ছে, এবার এমন জোরালো দাবি বিশ্ব গণমাধ্যমের। অফিশিয়াল ঘোষণা এখনো না এলেও, আকাশী-নীল শিবিরের অন্দরমহলে এখন বিদায়ের সানাই।

২০১৬ সালে ইতিহাদে পা রাখার পর ম্যানচেস্টার সিটিকে স্রেফ একটি ক্লাব থেকে বৈশ্বিক ফুটবলের এক পরাশক্তিতে রূপান্তর করেছেনে এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। সিটির ডাগআউটে তার ঝুলিতে জমেছে রেকর্ড ৬ টি প্রিমিয়ার লিগ শিরোপা, ক্লাবটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এবং ঘরোয়া কাপসহ ২০ টি বড় ট্রফি। পেপের জাদুকরী টিকি-টাকা ফুটবল এবং নিখুঁত ট্যাকটিক্স ইংলিশ ফুটবলকে নতুন করে চিনিয়েছে। ফুটবল বোদ্ধারের মতে, সিটিকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন তা এককথায় রূপকথা বলা যায়।

গার্দিওলার এ অবদানের কৃতজ্ঞতা জানাতে এক রাজকীয় উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে ইতিহাদ স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হবে পেপ গার্দিওয়ালার নামে। এর আগে ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়দের মূর্তি বা স্ট্যান্ডের নামকরণ করা হলেও, কোন কোচের জন্য এমন সম্মাননা সিটির ইতিহাসে এবারই প্রথম। এছাড়া আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ছাদখোলা বাসে করে প্যারেড করার পরিকল্পনা করা হয়েছে। বিকেল ৪ টায় ম্যানচেস্টারের নর্দান কোয়ার্টার থেকে শুরু হবে এই প্যারেড, যা শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল ষ্ট্রান্ডের সামনে যেয়ে। প্রিয় কোচের রাজকীয় বিদায় জানাতে সিটির সমর্থকেরা যে নীল সমুদ্রে ভাসিয়ে দেবেন ম্যানচেস্টারের রাস্তা, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

তবে পেপের বিদায়ের খবরের মাঝেই ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন - কে ধরছেন সিটির হাল । বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জোরালো দাবী, চেলসির সাবেক ইতালিয়ান বস এনজো মারেস্কাই হতে যাচ্ছে সিটির নতুন কান্ডারি। কেননা সিটির ভেতরের পরিবেশ মারেস্কার খুব ভালো করে চেনা, কারণ ২০২৩ সালে ম্যানসিটির ঐতিহাসিক ট্রেবল জয়ে পেপ গার্দিওলার প্রধান সহকারী হিসাবে কাজ করেছিলেন মারেস্কা।

পেপের রেখে যাওয়া বিশাল জুতোয় পা রাখা মারেস্কোর জন্য হবে এক অগ্নিপরীক্ষা। গুঞ্জন সত্যি করে নতুন মৌসুমে মারেস্কাই সিটির ডাগআউটে বসছেন, নাকি ফুটবল বিশ্ব দেখবে নতুন কোন চমক? উত্তর পেতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আর মাত্র অল্প কিছু দিন।

এফএস