ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর আগেই বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে ইকুয়েডরের কোটোপাক্সি প্রদেশের একটি গোলাপ খামার।
তানিকুচি শহরে অবস্থিত গ্রুপো নারাঞ্জো রোজেস নামের প্রতিষ্ঠানটি তৈরি করছে ব্যতিক্রমী সব গোলাপ। বিশ্বকাপে অংশ নেয়া ৪৮টি দেশের জাতীয় পতাকার আদলে রাঙানো হচ্ছে প্রতিটি ফুল।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ১শ মিটার উচ্চতায় অবস্থিত খামারটির কর্মীরা হাতে হাতে তৈরি করছেন এসব গোলাপ। বিশেষ রঙ প্রয়োগের পর ফুলের কুঁড়িতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন দেশের পতাকার নকশা।
প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য, সবচেয়ে বেশি সময় ও শ্রম দিতে হচ্ছে ইংল্যান্ডের পতাকা তৈরিতে। কারণ সেন্ট জর্জ ক্রসের নকশা আলাদাভাবে গোলাপের ওপর বসাতে হয়।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মেরি লুজ নারাঞ্জো জানিয়েছেন, বিশেষ সংরক্ষণ ও পানি শূন্যকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গোলাপগুলো প্রস্তুত করা হয়। ফলে এগুলো দুই থেকে পাঁচ বছর পর্যন্ত সতেজ অবস্থায় রাখা সম্ভব।
বিশ্বকাপকে সামনে রেখে ৭০ হাজার বিশেষ গোলাপ তৈরির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ফুটবলের প্রতি ভালোবাসা আর জাতীয় পরিচয়ের গর্বকে এক সুতোয় গেঁথে বিশ্বকাপকে আরও রঙিন করে তুলছে ইকুয়েডরের এ অনন্য উদ্যোগ।





