স্বাগতিক কানাডার স্বপ্নভঙ্গ, শেষ আটে মরক্কো

জয়ের পর উচ্ছ্বসিত মরক্কোর ফুটবলারা
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠলো মরক্কো। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আজ্জেদিন উনাহির জোড়া গোলে কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে আটলাস লায়ন্স।

কানাডার বিপক্ষে চাপ সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে বিশ্বকাপে টানা দ্বিতীয় আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মরক্কো। আজ্জেদিন উনাহির জোড়া গোল আর সুফিয়ান রাহিমির শেষ মুহূর্তের গোলে কানাডার বিরুদ্ধে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পেলো আটলাস লায়ন্স।

যদিও যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যাচের শুরুতে ছিলো ভিন্ন চিত্র। শনিবার মরক্কোর রক্ষণে ঝড় তোলে দ্য রেডস। পঞ্চম মিনিটে ডি ফুজেরোলসের হেড থেকে জনাথন ডেভিড গোলরক্ষক ইয়াসিন বুনুকে কাটিয়ে শট নিলেও অসাধারণ সেভে দলকে রক্ষা করেন এই মরক্কান গোলরক্ষক। ছয় মিনিট পর আলি আহমেদের পাস থেকে টানি ওলুওয়াসেইয়ের জোরালো শটও পায়ে ঠেকিয়ে ফিরিয়ে দেন বুনু। ২১ মিনিটে চোটে দুর্দান্ত ছন্দে থাকা সাইবারি মাঠ ছাড়লে শঙ্কা বাড়ে মরক্কোর শিবিরে।

তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে আশরাফ হাকিমির বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক পৌঁছে যায় বক্সের বাইরে থাকা আজ্জেদিন উনাহির কাছে। ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে ১-০ ব্যবধানে মরক্কোকে এগিয়ে দেন এ মিডফিল্ডার।

ম্যাচের ৮২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে ব্যবধান আরও বাড়ায় আফ্রিকার দলটি। নিজেদের অর্ধ থেকে বল টেনে এনে তালবি বাড়িয়ে দেন ব্রাহিম দিয়াজকে। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দিয়াজ নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন উনাহির পথে। দৌড়ে এসে জোরালো শটে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন উনাহি।

যোগ করা সময়ের অষ্টম মিনিটে আরেকটি দুরন্ত কাউন্টার অ্যাটাকে কানাডার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় মরক্কো। ব্রাহিম দিয়াজের নিখুঁত থ্রু পাস দারুণ ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান সাইবারির বদলি নামা সুফিয়ান রাহিমি। ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো।

জেআর