৮ বছর পর সাফ ফিরছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ২৩ বছর আগে এ মাঠেই আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব জিতেছিল বাংলাদেশ। সেটাই শুরু, সেটাই শেষ। এরপর প্রায় দুই যুগ বাংলাদেশের ফুটবল ভক্তরা অপেক্ষাই করে গিয়েছেন আরেকটা সাফ শিরোপার জন্য।
লম্বা অপেক্ষার পর এবার ফেভারিট হয়েই সাফ খেলতে নামবে বাংলাদেশ। আরেক ফেভারিট নেপাল এখনো অনিশ্চিত। শ্রীলঙ্কা আর ভুটানকে নিয়ে তুলনামূলক সহজ গ্রুপ বাংলাদেশের। তবে, আশরাফ উদ্দিন চুন্নু বলছেন, শুরু থেকে শেষ সবটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের।
বাংলাদেশের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু বলেন, ‘ভুটানও কিন্তু শক্তিশালী দল হয়ে উঠেছে। একসময় ভুটান খুব ভালো খেলত না, এখন খুব ভালো খেলে। আমি মনে করি এটা কঠিন একটা গ্রুপ হয়ে গেছে।’
আরও পড়ুন
‘বাংলাদেশ যদি ফাইনালে যায় আর সেক্ষেত্রে যদি ভারত থাকে, তবে আমি মনে করি এখানে খুব একটা প্রেশার হবে না। কারণ ভারতের সঙ্গে সবসময় আমরা ভালো খেলেছি।’
নভেম্বরের টুর্নামেন্টে জাতীয় দলের আইকনিক চরিত্র হামজা চৌধুরী আসবেন কি না, তা নিশ্চিত না। লেস্টার সিটির গ্রিন সিগন্যাল পেলেই এ মিডফিল্ডার আসবেন সাফে। হামজা চৌধুরী না থাকলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকবে বলেও মেনে নিলেন সাবেক স্ট্রাইকার চুন্নু।
আশরাফউদ্দিন চুন্নু বলেন, ‘হামজা একটা দলের প্রতীক। হামজা উপস্থিত মানে প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে ভীষণভাবে উৎসাহ কাজ করে। মাঠের মধ্যে খেলোয়াড়রা হামজার সঙ্গে পাল্লা দিয়ে খেলতে চায় এবং তার সহযোগিতা পেয়ে তারা ভালো খেলে। সেক্ষেত্রে আমি মনে করি হামজা না থাকলে আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে।’
আরও পড়ুন
সম্প্রতি ফিফা আসিয়ান কাপে ডাক পেয়েছে ভারত-পাকিস্তান। বড় মানের এ টুর্নামেন্টে ফিফার আমন্ত্রণ না পাওয়ায় বাফুফের প্রতি ক্ষুব্ধ আশরাফ উদ্দিন চুন্নু। সেইসঙ্গে প্রতিদ্বন্দ্বী দুই দেশের সঙ্গে প্রতিযোগিতায় এখন থেকেই সিরিয়াস হওয়ার তাগিদ দিলেন দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক।
বাংলাদেশের সাবেক ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু বলেন, ‘সাংগঠনিকভাবে যদি ভালো থাকতো বাফুফে, তাহলে কিন্তু এই খবরটা রাখতো। তাদের সঙ্গে যোগাযোগ করতো, তাদেরকে আশ্রয়ে নিয়ে এসে আমাদের দলটাকে ভিড়াতে পারতো। এটা একটা বিরাট বড় প্রাপ্তি হতো যদি আমরা এ টুর্নামেন্টে খেলতে পারতাম। এটা আমি বলবো যে বাফুফের ব্যর্থতা।’
সব চ্যালেঞ্জ পার করে নতুন কোচ থমাস ডুলি আর প্রবাসী ফুটবলারদের হাত ধরেই সাফের শিরোপাখরা কাটাবে বাংলাদেশ, এমনই বিশ্বাস আশরাফ উদ্দিন চুন্নুর।




-320x167.webp)
