সময় পিছিয়েও লিগ শুরু নিয়ে শঙ্কা; বাফুফের সিদ্ধান্তে ক্লাবের আপত্তি

ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার
ফুটবল
এখন মাঠে
0

তিন সপ্তাহ পিছিয়ে দেয়ার পরেও লিগ শুরুর অবস্থায় নেই বাফুফে। জাতীয় দলের খেলোয়াড়রা না থাকায় লিগ যথাসময়ে শুরু হবে না বলেই মনে করেন ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার। আর আসিয়ান কাপের আগে ঘরোয়া ফুটবল শুরু না হওয়াতে জাতীয় দলও বিপাকে পড়বে বলেই মন্তব্য এই কোচের।

২১ আগস্ট থেকে ঘরোয়া ফুটবল শুরু হওয়ার কথা থাকলেও ফিফা নিষেধাজ্ঞা থেকে কিংস-আবাহনীর মুক্তির অপেক্ষায় সেটা পিছিয়ে গেছে ১৮ সেপ্টেম্বরে। তবে এরপরেও লিগ শুরুর বেলায় ফুটবল ফেডারেশন দিয়েছে অদ্ভুত এক শর্ত। ফিফা উইন্ডো থাকায় জাতীয় দলের ক্যাম্পের কেউই খেলতে পারবেন না লিগের ম্যাচগুলো।

আর এতেই আপত্তি ক্লাবদের। জাতীয় দলের খেলোয়াড় না থাকলে মাঠে নামানোর মতো স্কোয়াডই থাকবে না মোহামেডানের। সংকট থাকবে নিষেধাজ্ঞা থেকে সদ্য মুক্তি পাওয়া বসুন্ধরা কিংস, আবাহনী বা ফর্টিস এফসির মতো দলের। বাস্তবতা মেনে নিয়েই তাই পেছানো তারিখেও লিগ শুরু নিয়ে শঙ্কা ফর্টিস কোচ মাসুদ পারভেজ কায়সারের।

মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘আমি স্ট্রংলি বিলিভ করি লিগ শুরু হচ্ছে না। কারণ হচ্ছে যে ন্যাশনাল টিমের প্লেয়ারগুলাকে ক্লাবগুলা কেন রিক্রুট করে? কারণ ওদের সর্বোচ্চ সাপোর্টটা নেয়ার জন্য। তো এখন যদি খেলা শুরু হবে ওদেরকে ছাড়াই, তো ক্লাবগুলাতে ঐ ধরনের অপশন আছে কিনা, ওরা ছাড়া বিকল্প প্লেয়ার আছে কিনা এটা ডিফিকাল্ট।’

এদিকে লিগ শুরুর বাস্তবসম্মত তারিখ না পেয়ে অনেক ক্লাবই খরচ বাঁচানোর অজুহাতে শুরু করেনি ক্যাম্প। যদিও ফর্টিস প্রস্তুতি নিচ্ছে এএফসি প্রতিযোগিতা সামনে রেখে। তবে ঘরোয়া আসর না থাকায় বাকি মহাদেশীয় প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে আছে তারা।

মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘লিগের প্রথম রাউন্ড ওরা খেলছে। ওরা লিগের লিগ শুরু হয়ে গেছে। তাজিকিস্তান অলমোস্ট লিগের মাঝামাঝি পর্যায়ে, শেষের ওরা অক্টোবরের ১৭ তারিখ লিগ শেষ করবে। তো অলমোস্ট ওরা লিগের ভাইবটা বা লিগের ইনটেনসিটিটা কাজে লাগাইতে পারবে কম্পিটিটিভ ম্যাচে। শুধুমাত্র গোয়া এফসি এবং আমাদের ভারত এবং বাংলাদেশের এখন কোনো ধরনের ফুটবল নাই। সো এটা স্বাভাবিকভাবেই কম্পিটিটিভ ফুটবলের জন্য এটা প্রভাব পড়তেই পারে।’

জাতীয় দলের কোচ থমাস ডুলিও চেয়েছিলেন অন্তত দুই রাউন্ড ম্যাচ হোক ফিফা উইন্ডোর আগেই। যদিও সূচি বিপর্যয়ে কোনো প্রকার প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়াই জাতীয় দল খেলতে যাবে এশিয়ান কাপে। ঘরোয়া ফুটবলের সূচির এই বিপর্যয় ভোগাবে জাতীয় দলকেও।

মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘ট্রেনিংয়ে দেখা আর একটা কম্পিটিটিভ ম্যাচ দেখা কোনো প্লেয়ার সম্পর্কে পজিটিভ স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট সে দ্রুত প্লেয়ারগুলাকে তার যাদেরকে নিয়ে চিন্তায় আছে এবং নতুন কোনো প্লেয়ার সে পাচ্ছে কিনা তার প্লেয়িং স্টাইল অনুযায়ী, ফিলোসফি অনুযায়ী। তো ঐ জন্যই সে চাই চেয়েছিল ক্যাম্প শুরুর আগে কমপক্ষে দুই থেকে তিনটা ম্যাচ যাতে ওরা খেলতে পারে। তাইলে সে ঐ প্লেয়ারগুলাকে দ্রুত পরখ করে নিতে পারবে।’ সব মিলিয়ে কাগজে-কলমে তারিখ নির্ধারিত থাকলেও বড় এক সংকটের পথেই এগোচ্ছে দেশের ফুটবল।

এএম