লিগ শুরুর দিনক্ষণ ঠিক থাকলেও সূচি নিয়ে অনিশ্চয়তায় ক্লাবগুলো

বাফুফে ভবন
ফুটবল
এখন মাঠে
0

লিগ শুরুর কথা ১৮ তারিখ। ক্লাবগুলো বিভক্ত দুই ভাগে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন পর্যন্ত জানায়নি লিগের সময়সূচী। স্বাভাবিকভাবেই তাই কিছুটা হতাশা বিভিন্ন ক্লাবের কোচদের মধ্যে। তবে, আশার কথা ফেডারেশন কাপের ড্র আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে বাফুফে। তাতে কিছুটা হলেও স্বস্তি ক্লাবগুলোতে।

দেশি ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ ফুটবল লিগ যেন এক অনিশ্চয়তার নাম। ১৮ সেপ্টেম্বর লিগ শুরুর দিনক্ষণ আগেই জানিয়ে রেখেছিল বাফুফে। কিন্তু, মাত্র দিন সাতেক বাকি থাকলেও নেই সূচি ঘোষণার ব্যস্ততা। অন্যদিকে লিগ পিছিয়ে দেয়ার চিঠিতে সাক্ষর জালিয়াতি কেন্দ্র করে উত্তপ্ত ফুটবলপাড়া। সিটি ক্লাব, ওয়ান্ডারার্সসহ একাধিক ক্লাবের স্বাক্ষর জালিয়াতির কারণে অনিশ্চিত ২০২৬-২৭ মৌসুমের ক্যালেন্ডার।

আগেই লিগ পিছিয়ে গিয়েছে ৩ সপ্তাহ। সামনে আরও কিছুদিনের অপেক্ষা। আগেভাগেই মাঠে নামা সিটি ক্লাবের দুশ্চিন্তা একটু বেশি। দীর্ঘসময় ক্যাম্প চালু থাকায় খেলা মাঠে গড়ানোর আগে থেকেই খেলোয়াড়দের দিতে হচ্ছে বেতন। সেইসঙ্গে ফুটবলারদের মানসিকতা ধরে রাখতেও হিমশিম খাচ্ছেন কোচরা।

সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন বলেন, ‘যারা কাজ করেন কোচিং স্টাফরা, তাদের কিন্তু একটা পিরিয়ডাইজেশন প্ল্যান থাকে। সেভাবেই কিন্তু তারা কাজটা করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে যদি খেলাটা হয় বা অনিশ্চিত থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রেনির কোনো এইম থাকে না।’

নিজেদের ক্যাম্পে সিটি ক্লাবের মতো এমন জটিলতা এড়াতে চায় বসুন্ধরা কিংস। দলের কোচ মাহবুব হোসেন রক্সি বললেন, যেকোনো সময় মাঠে খেলার জন্য প্রস্তুত তার দল। বিদেশি আর স্থানীয়দের নিয়ে লড়াই করার সামর্থ্য আছে বর্তমান চ্যাম্পিয়নদের- এমনই দাবি তার।

তবে, এতকিছুর মধ্যেও আশার খবর, আগামীকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) ফেডারেশন কাপের ড্র। ক্লাবগুলোকে এরই মধ্যে চিঠি দিয়েছে বাফুফে। যার কপিও হাতে পেয়েছে এখন টিভি। লিগ শুরুর অনিশ্চয়তার মধ্যে এ খবরেই আপাতত স্বস্তি ক্লাবগুলোর।

জেআর