লিগ শুরুর অনিশ্চয়তার বিপাকে বাফুফে; সঙ্গে স্বাক্ষর জালিয়াতির বিতর্ক

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম
ফুটবল
এখন মাঠে
0

যথাসময়ে লিগ শুরুর আগে ক্লাবগুলোর অনুরোধের চিঠিতে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মাঝে সিটি ক্লাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। দেশের ফুটবলের স্বার্থে এমন কিছু কাম্য নয় বলেই জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। সব পক্ষ বসে দ্রুতই সব জটিলতার সমাধান হবে— এমন প্রত্যাশা তার।

বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের খেলাগুলো বিরতিহীনভাবে আয়োজনে বাফুফের কাছে সম্প্রতি ১০টি ক্লাব চিঠি দেয়। যেখানে নিজেদের স্বাক্ষর জালিয়াতির বিস্ফোরক অভিযোগ আনে সিটি ক্লাব। এমন ঘটনা কাম্য নয় বলে জানালেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘যেহেতু একটা অ্যালেগেশন এসেছে, এরকম অ্যালেগেশন আসাটাও তো আসলে কখনোই কাম্য নয়।’

ক্লাবগুলোর এমন অবস্থানের মাঝে যথাসময়ে লিগ শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদিও এখন পর্যন্ত নির্ধারিত সময়ে লিগ শুরু করতে আশাবাদী বাফুফে। অন্যদিকে যখনই খেলা শুরু হোক, বিরতিহীন ম্যাচ সূচি চায় অধিকাংশ দল। তবে ফিফা উইন্ডোসহ খেলার মাঝে বিরতির প্রস্তুতি নিয়েই ক্লাবগুলোর দল গঠন করা উচিত বলে মত বাফুফে সহ-সভাপতি।

আরও পড়ুন:

ফাহাদ করিম বলেন, ‘একটা লিগ তো নিরবিচ্ছিন্ন হয় না, কারণ একটা লিগের ভেতরে ফিফা উইন্ডোজ তো আছে। সো ওই উইন্ডো, ওই উইন্ডোর জন্য প্রিপারেশনকে আপনাকে কনসিডার করে আপনি যখন একটা প্রফেশনাল দল করবেন, আপনাকে তা প্ল্যান করতে হবে।’

চলমান জটিলতা নিরসনে লিগ কমিটির সিদ্ধান্তে আস্থা রাখার আহ্বান ফাহাদ করিমের।

তিনি বলেন, ‘যে কারণে উনারা বলছেন, উনারা এখন খেলতে চাচ্ছেন না কিংবা উনারা কিছু দাবি করেছেন, সেগুলো যদি লজিক্যাল হয় অবশ্যই আমাদের লিগ কমিটি এটাকে অ্যাড্রেস করবে, ডেফিনেটলি। আর কোনো কারণে যদি দেখি যে না, লিগ কমিটি, ক্লাবের মধ্যে একমত হচ্ছে না, আমাদের তো এক্সিকিউটিভ কমিটি আছেই।’

ক্লাব ও লিগ একে অপরের পরিপূরক উল্লেখ করে পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে সহজেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বাফুফের সহ-সভাপতি।

এসএস