মাঠে ছিলেন ৪৪ মিনিট। তাতেই ৭৫ শতাংশ সফল পাস। সঙ্গে ২ বার গোলের সুযোগ তৈরি। যার একটিকে ধরা হয়েছে বিগ চান্স হিসেবে। পাশাপাশি রক্ষণ সহায়তা ৮ বার।
একজন রাইটব্যাক হিসেবে এমন পরিসংখ্যান যেকোনো দিনেই ঈর্ষণীয়। তবে এতোকিছুর পরও হামজা চৌধুরীর ম্যাচটা শেষ হয়েছে হতাশার মাঝে। পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে ৩৫ এবং ৪৪ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি এ তারকাকে।
পোর্টসমাউথের লেফট উইঙ্গার রায়ান কাভুমাকেই দুই দফায় ফাউল করে কার্ড হজম করতে হয়েছে হামজাকে। রেফারির এই অন্যায় সিদ্ধান্তে ক্ষুব্ধ হামজা মাঠ ছেড়েছেন কান্নাভেজা চোখে।
আরও পড়ুন:
৪৪ মিনিটে মাঠ ছাড়ার আগে ৫টি ক্লিয়ারেন্সের সঙ্গে ১টি করে ট্যাকল, ব্লক আর ইন্টারসেপশন করে রক্ষণে দারুণ সহায়তা করেছিলেন হামজা। তার মাঠ ছাড়ার পরেই পোর্টসমাউথ ম্যাচে দেখিয়েছে আধিপত্য। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের হারে ম্যাচ শেষ করেছে দ্য ব্লেডস।
হামজার এই লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। হামজার বিরুদ্ধে সিদ্ধান্ত অনেক বেশি কঠোর ছিলো বলেও মন্তব্য করেছেন অভিজ্ঞ এই কোচ। দল হিসেবে শেফিল্ড বিগত কয়েক ম্যাচেও বেশ কিছু অন্যায় সিদ্ধান্তের শিকার হয়েছে বলেও উল্লেখ করেছেন ক্রিস ওয়াইল্ডার।
এ ম্যাচে হারের পর ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও নিচে নেমেছে শেফিল্ড। ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে আছে শেফিল্ড ইউনাইটেড। শীর্ষে থাকা সোয়ানসি সিটির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে হামজার দল।




