নভেম্বরে এশিয়া সফর করার কথা ছিল আর্জেন্টিনার। তবে লিওনেল মেসির বিদায়ের পর নতুন প্রজন্মকে প্রস্তুত করতে চান কোচ লিওনেল স্ক্যালোনি। সেজন্যে খেলতে চান অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের সাথে। তার এমন অনুরোধের পর এশিয়া সফর বাতিল করে দুই বিশ্বকাপ খেলুড়ে দেশ উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে সূচি নির্ধারণ করে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
১৩ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের মুখোমুখি হবেন আলভারেজ-নিকো পাজরা। এরপর ১৭ নভেম্বর কর্ডোভায় কোস্টারিকার মুখোমুখি হবে তারা। এদিকে ম্যাচ দু'টির আগে দুঃশ্চিন্তা আর্জেন্টিনা শিবিরে।
ইনজুরিতে পড়েছেন দলটির ফরোয়ার্ড লওতারো মার্তিনেজ। ইন্টার মিলান জানিয়েছে, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে নভেম্বরে প্রীতি ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চিত আর্জেন্টিনা।





