ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ এল ক্লাসিকোর মঞ্চে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। একদিকে লা লিগায় নিখুঁত ছন্দে থাকা বার্সেলোনা, অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে লিগ টেবিলে ব্যবধান কমানোর লড়াইয়ে রিয়াল।
ঐতিহাসিক দ্বৈরথে দুই দলই সমানে সমান। ২৬৪ ম্যাচে জয় ১০৬টি করে, ড্র ৫২টি। তবে গোলসংখ্যায় এগিয়ে রিয়াল। আজকের ম্যাচে তাই দুই দলের জন্য থাকবে পরিসংখ্যানের পাতায় এগিয়ে যাওয়ার লড়াই।
চলতি লিগে অবশ্য ৯ ম্যাচে শতভাগ জয়ে দুর্দান্ত বার্সা। এই কয় ম্যাচে ব্লু গ্রানারা করেছে ৩৯ গোল। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে হার কাতালানদের জন্য ছিলো বড় ধাক্কা। অন্যদিকে সমান ম্যাচে রিয়ালের জয় ৭টি। বার্সার সমান ৯ গোল হজম করলেও গোল করার দিক থেকে কিছুটা পিছিয়েই লস ব্লাঙ্কোরা। যদিও ইউসিএলে শতভাগ জয় তাদের দেবে বাড়তি আত্মবিশ্বাস।
ঘরের মাঠে বেশ শক্তিশালী একাদশেই নামবে বার্সা। যদিও রক্ষণে গার্সিয়া ও মিডফিল্ডে দানি ওলমোর অভাব থাকবে। শেষ ম্যাচে ফিরলেও ছন্দে ছিলেন না রাফিনিয়া। রিয়াল মাদ্রিদও কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে খেলবে। লাল কার্ডের নিষেধাজ্ঞায় ভিনিসিয়াস জুনিয়র না থাকায় লেফট উইংয়ে ইয়ান দিওমান্দেকে দিতে হবে কঠিন পরীক্ষা।
এল ক্লাসিকোতে দুই দলের সেরা তারকাদের ব্যক্তিগত দ্বৈরথেও নজর থাকে সমর্থকদের। যেখানে স্পটলাইটে থাকবেন লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ইয়ামালের গোল ১০টি, অ্যাসিস্টও ১০টি। অন্যদিকে, সমান ম্যাচে এমবাপ্পের গোল ১২টি, অ্যাসিস্ট ৩টি। দুজনের পারফরম্যান্সই হতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারণী।
একদিকে বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে অনন্য গতির এমবাপ্পে। শেষ পর্যন্ত কোন দল পরবে শ্রেষ্ঠত্বের মুকুট? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্বের নজর থাকবে ন্যু ক্যাম্পের দিকে।





