আল-খুলুদের বিপক্ষে হ্যাটট্রিকে হাজার গোলের আরও কাছে রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে হ্যাট্রিক করে দলকে জেতানোর পাশাপাশি নিজের গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিওএটি জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মাঠে গোলের উৎসব। ১,০০০ গোলের ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

ভক্তদের ভোটে সর্বকালের সেরা ব্যালন ডি’অর বা ‘বিওএটি’ জয়ের আনন্দ। এবার মাঠেও গোলের উৎসব ক্রিশ্চিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল-খুলুদের বিপক্ষে একাই করেছেন হ্যাট্রিক। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি আরবের মাঠে বৃহস্পতিবার রাতে রোনালদোর গোল উৎসব যেন দ্বিতীয়ার্ধেই শুরু। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন হ্যাট্রিক। ক্যারিয়ারে এটি তার ৬৮তম হ্যাট্রিক।

তিন গোলের পর রোনালদোর অফিসিয়াল ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৮৫। অর্থাৎ ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ১৫ গোল। বয়স ৪১ পেরোলেও গোলের ক্ষুধায় এতটুকু ভাটা নেই সিআর সেভেনের।

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে আল-খুলুদকে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থানও ধরে রেখেছে আল-নাসর। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে তারা। ব্যক্তিগত অর্জন আর দলীয় সাফল্য দুই লক্ষ্যেই ছুটছেন রোনালদো। এখন দেখার অপেক্ষা, কবে ১ হাজার গোলের অবিশ্বাস্য ইতিহাস গড়েন ফুটবলের এই মহাতারকা।

এফএস