ফিফপ্রোর বর্ষসেরা একাদশ: নেই ব্যালন ডি’অর জয়ী কেইন, মেসির রেকর্ড

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ
ফুটবল
এখন মাঠে
0

প্রকাশিত হয়েছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশ। যেখানে এই একাদশে রেকর্ড ১৮তম বার জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। দ্বিতীয়বার জায়গা পেয়েছেন লামিন ইযামাল। তবে ফিফপ্রো বর্ষসেরা দলে জায়গা হয়নি সদ্য ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন কিংবা উসমান দেম্বেলের। সেরা একাদশে সর্বোচ্চ চার ফুটবলার জায়গা পেয়েছে বিশ্বকাপ জয়ী স্পেন দল থেকে।

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো ১৯ হাজারেরও বেশি ফুটবলারের সরাসরি ভোটে বেছে নিয়েছে তাদের ২০২৬ সালের পুরুষ বর্ষসেরা একাদশ-যাকে বিশ্ব ফুটবলে ‘ওয়ার্ল্ড ইলেভেন’ বলা হয়ে থাকে। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ২০০৫ সাল থেকে এই মর্যাদাপূর্ণ একাদশ ঘোষণা করে আসছে। এ বছরের বর্ষসেরা একাদশে সর্বোচ্চ চার ফুটবলার যায়গা পেয়েছ স্পেন থেকে। দু’জন রয়েছেন পর্তুগালের।

একাদশের আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল, স্পেনের হয়ে ইতিহাস গড়া ১৯ বছর বয়সী লামিন ২০ বছরের আগে দু’বার এই একাদশে জায়গা করে নিয়ে গড়েছেন রেকর্ড।

এছাড়া আক্রমণভাগে যায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৩ সালের পর এই একাদশে ফিরে মেসি রেকর্ড ১৮তম বারের মতো ফিফপ্রো দলে জায়গা করে নিলেন।

আরও পড়ুন:

তবে অবাক করা বিষয় এই একাদশে জায়গা হয়নি গত মাসে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্বসেরা হয়ে ব্যালন ডি’অর জয় করা ইংলিশ তারকা হ্যারি কেইন এবং ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের।

অথচ গত মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছিলেন হ্যারি কেইন। বুন্দেসলিগা, জার্মান কাপ জেতার পাশাপাশি ইংল্যান্ডকে তুলেছিলেন সেমিফাইনালে। আর উসমান দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েও সুযোগ পাননি সেরা একাদশে।

তবে হ্যারি-কেইন সুযোগ না পেলেও মিডফিল্ডার হিসেবে সেরা একাদশে যায়গা করে নিয়েছেন আরেক ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। এছাড়া মাঝ মাঠের সেরা হয়েছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী রদ্রি এবং পর্তুগালের মিলফিল্ডার ভিতিনহা।

আর ডিফেন্সে পিএসজির দুই ফুটবলার নুনো মেন্দেস আর হাকিমির সঙ্গে আছেন স্পেনের পাও কুবারসি। সেরা গোল কিপার হিসেবে নাম এসেছে আর্সেনালকে দুই দশক পর লিগ জেতানো ডেভিড রায়ার।

এসএস