সেই নারী গুপ্তচর ছিলেন তা জানতেন না এনভিডিয়ার প্রধান: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং
বিদেশে এখন
0

বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের বিষয়ে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, হুয়াং তাকে আশ্বস্ত করে বলেছেন যে ওই নারী একজন গুপ্তচর ছিলেন, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, অভিযুক্ত ওই চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ওই নারী যুক্তরাষ্ট্রের সংবেদনশীল নানা তথ্য বেইজিংয়ের কাছে পাচার করতেন। এই প্রতিবেদন প্রকাশের পরপরই এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ঘটনাটির তদন্ত শুরু করে। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ায় পুঁজিবাজারে সোমবার এনভিডিয়ার শেয়ারের দর গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এ ধরনের অভিযোগে তিনি রীতিমতো বিস্মিত। পুরো বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই খতিয়ে দেখছে। জেনসেন হুয়াংয়ের বক্তব্য তুলে ধরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যে একজন গুপ্তচর, সে বিষয়ে আপনার কি কোনো ধারণা ছিল? জবাবে তিনি বলেন, সে যে গুপ্তচর, তা তিনি একেবারেই জানতেন না। আমি সত্যিই তাকে বিশ্বাস করি।’ ট্রাম্প আরও যোগ করেন, ‘আমি জানি এফবিআই বিষয়টি তদন্ত করছে। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত তার কোনো সমস্যা হবে না।’

সিলিকন ভ্যালির প্রযুক্তি নির্বাহীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জেনসেন হুয়াং। অন্তত ২০২৫ সাল থেকেই দুজনের মধ্যে এই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিগত দুই বছরে ট্রাম্প প্রশাসনের নীতি ও কর্মসূচির প্রতি বারবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি। এছাড়া চীনা বাজারে উচ্চপ্রযুক্তির উন্নত চিপ বিক্রির অনুমতি পেতে ওয়াশিংটনের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আসছিলেন এনভিডিয়া প্রধান।

এএম