এশিয়ান গেমসে ১২ শ্যুটার, প্রস্তুতি প্রশ্নবিদ্ধ

শ্যুটিং ইভেন্ট
অন্য সব খেলা
এখন মাঠে
0

মাত্র এক মাসের প্রস্তুতি, নানা সীমাবদ্ধতা আর পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েই ১২ শ্যুটার যাচ্ছেন ২০তম এশিয়ান গেমসে। টুর্নামেন্টে বাংলাদেশের পদকের অন্যতম সম্ভাবনাময় ইভেন্ট শ্যুটিং। অথচ মহাদেশিয় শ্রেষ্ঠত্বের এই আসরে নামার আগে প্রস্তুতির চিত্রটা যেন উল্টো গল্পই বলছে।

আর্মি, নৌবাহিনী, রাইফেলস, আনসার ও বিকেএসপির ১২ শ্যুটার যাচ্ছেন ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। তবে বড় মঞ্চে ভালো ফলের জন্য যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি প্রয়োজন, সেখানেই বড় ঘাটতি।

দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় নিজেদের সীমাবদ্ধতার কথাই জানালেন শ্যুটিং ফেডারেশনের নতুন সেক্রেটারি সাকিফ শামীম। তিনি বলেন, ‘প্রথম যে ব্যাপারটা ছিলো, গ্রিপ এবং জ্যাকেট—এগুলোতে সমস্যা ছিলো। সমস্যাগুলো অনেক বছর ধরেই হচ্ছিলো, ইমিডিয়েট যেগুলো অ্যাড্রেস করার দরকার ছিলো, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং যেগুলো এখনো আছে, সেগুলো প্রক্রিয়াধীন আছে।’

সময় স্বল্পতার পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রস্তুতি ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ নিয়েও রয়েছে প্রশ্ন। তারপরও শ্যুটারদের স্কোর নিয়ে আশাবাদী ফেডারেশন। এক মাসের প্রস্তুতিতেই ভালো কিছু করার প্রত্যয় তাদের।

সাকিফ শামীম বলেন, ‘সবচেয়ে টপ স্কোরার মুন্না। সে ৬৩১.৩ স্কোর করেছিলো। আমার মতে তার স্কোর যদি ১ পয়েন্টও বেশি হয়, তাহলে সে সেরা আটে আসবে। অন্যান্য শ্যুটারদের স্কোরও ৬২৫ থেকে ৬২৭-২৮ এর মধ্যে থাকে। তাই আমি আশা করি, তারা ভালো করবেন।’

বিশেষ করে ১০ মিটার এয়ার রাইফেলের সিঙ্গেল ও মিক্সড ইভেন্টে ভালো করার লক্ষ্য শ্যুটারদের, তবে বাস্তবতা কঠিন। এশিয়ার সেরা শ্যুটারদের বিপক্ষে লড়াইয়ে যেখানে দীর্ঘ প্রস্তুতি ও নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতা জরুরি, সেখানে বাংলাদেশের শ্যুটারদের প্রস্তুতিই হয়েছে নানা সীমাবদ্ধতার মধ্যে।

বাংলাদেশের শ্যুটার শাকের আহম্মেদ বলেন, ‘কিছুদিন যাবৎ যেহেতু একটা লম্বা সময় আমরা অনুশীলন পাইনি, কিন্তু সবকিছু নিয়ে আমাদের যেহেতু একটা প্রতিবন্ধকতা আছে, অত ভালো না হলেও এইটুকু বলবো যে, আমারা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।’

পদকের আশা নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ। যদিও প্রস্তুতির স্বল্পতা আর অবকাঠামোগত সীমাবদ্ধতা পিছু ছাড়ছে না শ্যুটারদের। শেষ পর্যন্ত তাই প্রশ্ন একটাই, প্রতিবন্ধকতা পেরিয়ে কি বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন বাংলাদেশের ১২ শ্যুটার?

এসএইচ