একদিকে বিশ্বকাপ প্রস্তুতি, অন্যদিকে উৎসব ঘিরে নতুন বিতর্ক

বিশ্বকাপবিরোধী কর্মীরা
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

একদিকে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞের প্রস্তুতি, অন্যদিকে রাজপথে প্রতিবাদের ঝড়। এই বিক্ষোভ নতুন করে সামনে এনেছে মানবাধিকার, অভিবাসন নীতি ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন যা বিশ্বকাপ উৎসবকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝেই মেক্সিকো সিটিতে দেখা দিয়েছে প্রতিবাদের সুর। রোববার রাজধানীর ঐতিহাসিক স্টেডিয়ামের বাইরে জড়ো হন বিশ্বকাপবিরোধী কর্মীরা। তাদের অভিযোগ, ২০২৬ বিশ্বকাপ আয়োজনের আড়ালে সরকার গুম, নিখোঁজের ঘটনা এবং ভূমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করার চেষ্টা করছে।

বিক্ষোভকারীরা স্টেডিয়ামের আশপাশে থাকা বিশ্বকাপের বিজ্ঞাপনে পরিবর্তন এনে লিখে দেন বিভিন্ন স্লোগান। এর মধ্যে ছিল 'ভূমি দখল', 'এক লাখ ৩৩ হাজার নিখোঁজ' এবং 'ভূমি দখলের বিশ্বকাপ'। আয়োজকদের ভাষ্য, এই পদক্ষেপের মাধ্যমে তারা বিশ্বকাপকে ঘিরে তৈরি করা চাকচিক্যের আড়ালের বাস্তবতা তুলে ধরতে চেয়েছেন।

আরও পড়ুন:

এ সময় ফিফাবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। কেউ কেউ ফুটবলের আকৃতির মুখোশ পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের প্রতীকী ছবি প্রদর্শন করেন। এছাড়া সড়কে বড় অক্ষরে লেখা হয়, 'তোমরা গোল গুনছো, আমরা উচ্ছেদ হওয়া মানুষের সংখ্যা গুনছি।'

বিক্ষোভটি অনুষ্ঠিত হয় মেক্সিকো সিটির বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামের বাইরে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ভেন্যুতে।

বিশ্বকাপকে ঘিরে উৎসবের প্রস্তুতি চললেও, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন সামনে এনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই বিক্ষোভ।

ইএ