ভাঙলো ৯৬ বছরের অভিশাপ, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয়

মেক্সিকোর গোল উদ্‌যাপন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

৯৬ বছরের অভিশাপ ভেঙে অবশেষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেল মেক্সিকো। ঘরের মাঠ অ্যাজটেকায় ইতিহাস গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে উত্তর আমেরিকার ফুটবল পরাশক্তি। হুলিয়ান কিনিয়োনেস এবং রাউল হিমিনেজের গোলে শুভসূচনা করেছে আয়োজক দেশটি।

এর আগে সাতবার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেললেও জয়ের নজির নেই। তবে, এবার খেলতে হয়েছে নিজেদের ঘরের মাঠ অ্যাজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ইতিহাসের অংশ হয়ে যায় মেক্সিকো সিটির এই মাঠ। বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপের আয়োজক হলো অ্যাজটেকা। আর এতসব চাপ সামলে মেক্সিকো খেলেছে দুর্দান্ত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে।

শাকিরার পারফরম্যান্সের সুর তখনো অ্যাজটেকার বাতাসে মিলিয়ে যায়নি। তার আগেই স্বাগতিক দর্শকদের উন্মাদনায় ভাসান মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। ৯ম মিনিটে মেক্সিকান নাম্বার সিক্সটিনের ডান পায়ের শটে বলে গিয়ে জড়ায় দক্ষিণ আফ্রিকার জালে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এটি তৃতীয় দ্রুততম গোল।

আরও পড়ুন:

প্রথমার্ধে আরও অন্তত দুবার গোলের সুযোগ ছিল মেক্সিকোর। তবে তারকা ফরোয়ার্ড রাউল হিমিনেজ মিস করেছেন। বিশ্বকাপে নিজের প্রথম গোলের জন্য অপেক্ষাও বাড়ছিল। মাথার বিপজ্জনক ইনজুরি সামলে আসা হিমিনেজের গোলের জন্য অপেক্ষা ছিল ফুটবল বিশ্বেরও।

অপেক্ষার সেই প্রহর শেষ হয় ম্যাচের ৬৭ মিনিটে। দারুণ এক হেডে বাফানাদের জালে কাঁপন ধরান এল লোবো খ্যাত রাউল। মেক্সিকোর লিড ২-০ গোলে। ম্যাচের বাকি সময় দুই পক্ষই গোলের জন্য মরিয়া থাকলেও শেষ পর্যন্ত ফলাফল আর বদলায়নি।

তবে রঙিন ম্যাচে ৩ লালকার্ড বিবর্ণ করেছে আবহ। বিরতির পর ৫০ মিনিটে বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন সিথোলে। ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছেন জেওয়ানে। আর যোগ করা সময়ে মেক্সিকান ডিফেন্ডার মন্তেস ছিলেন ম্যাচের তৃতীয় সেন্ট অফ। তবে, তাতে মেক্সিকোর জয় আর আটকায়নি।

ইএ