পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে ভাইকিংরা!

নরওয়ের জয় উদযাপন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
2

বিশ্বকাপে ঘটলো আরেকটি মহা অঘটন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। মেটলাইফ স্টেডিয়ামে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভাইকিংরা।

নেইমারের চোখে পানি। তাকে সান্ত্বনা দিতে ছুটে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সান্ত্বনা দেয়ার মতো ভাষা যেন কারও নেই। বিশ্বকাপের শেষ ষোলোতেই থেমে গেল সেলেসাওদের স্বপ্ন। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। মাতেউস কুনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় সেলেসাওরা। কিন্তু ব্রুনো গিমারাইসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। সেই মিসই যেন পরে বড় আফসোস হয়ে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ায় দুই দল। এনদ্রিক সহজ একটি সুযোগ নষ্ট করেন। এরপর ৬৮ মিনিটে মাঠে নামানো হয় নেইমারকে। কিন্তু ব্রাজিলের ভাগ্য বদলানোর আগেই নরওয়ের হয়ে ঝড় তোলেন আর্লিং হালান্ড।

৭৯ মিনিটে শিয়েল্ডেরুপের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে প্রথম গোল করেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে অসাধারণ ফিনিশিংয়ে করেন নিজের দ্বিতীয় গোল। দুই গোলেই স্তব্ধ হয়ে যায় ব্রাজিল শিবির।

ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতে নরওয়ে, আর কান্নায় ভেঙে পড়েন নেইমার।

ব্রাজিলের এমন বিদায়ের পর কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। আর রূপকথার মতো এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নরওয়ে।

ইএ