ভিনচিচের বাঁশিতে ফাইনাল’ আর্জেন্টিনার মনে পুরোনো ভয়

রেফারি স্লাভকো ভিনচিচ
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের ফাইনালে নিজেদের দুর্ভাগ্যের প্রতীক রেফারিকেই পাচ্ছে আর্জেন্টিনা। স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের পরিচালনায় এক ম্যাচ খেলেই হারতে হয়েছিল লিওনেল মেসিদের। বিপরীতে একই রেফারির অধীনেই গেল ইউরোতে দুই গুরুত্বপূর্ণ জয় পেয়েছে স্পেন।

বরাবরের মতোই কিছুটা কুসংস্কারের ওপর ভরসা করেই বিশ্বকাপের ফাইনালে এসেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে খেলতে নেমেছিল সেই কু-সংস্কারে বিশ্বাস রেখেই। তবে ফাইনালের আগে কিছুটা দ্বিধায় পড়তে পারে আর্জেন্টাইন ফুটবলাররা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে রেফারির ভাগ্যটা যে একেবারেই অপয়া বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার সেই বিখ্যাত হারের দিনে রেফারি ছিলেন এই স্লাভকো ভিনচিচ।

আরও পড়ুন:

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকেই গেল আসরের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যদিও দ্বিতীয়ার্ধে দারুণ এক প্রত্যাবর্তনে সৌদির কাছে হারতে হয়েছিল তাদের। স্লাভকো ভিনচিচের পরিচালনায় ওই এক ম্যাচই খেলেছিল আর্জেন্টিনা। সেই তিক্ত অভিজ্ঞতা নিয়েই রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে হবে লিওনেল স্ক্যালোনি শিষ্যদের।

বিপরীতে ভিনচিচের পরিচালনায় একাধিক ম্যাচ খেলে দুই গুরুত্বপূর্ণ জয় পেয়েছে লামিনে ইয়ামালের স্পেন। ২০২৪ ইউরোতে স্পেনের ইতালির বিপক্ষে ১-০ গোলের জয় এবং ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ২-১ গোলে জয়ের দিনে রেফারি ছিলেন ভিনচিচ।

তবে ভিনচিচের প্রোফাইলে এরইমাঝে আছে বেশকিছু বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা। ২০২২ সালে ইউরোপা লিগ এবং ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিচ। এছাড়া এবারের বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের রেফারিও ছিলেন তিনি।

২০১০ সালে রেফারির লাইসেন্স পাওয়া স্লাভকো ভিনচিচের ক্যারিয়ারে সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল। আর্জেন্টিনা এই ম্যাচে অতীত কাটাতে পারে কি না, সেটাই এখন আগ্রহের কেন্দ্রে।

এসএস