আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা যায়, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেকে সমুদ্রের উত্তাল রূপ উপভোগ করতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউবা দূর থেকে ঢেউয়ের গর্জন শুনে মুগ্ধ হচ্ছেন।
তবে সমুদ্র বেশ উত্তাল থাকায় জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। লাইফগার্ডরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রস্নান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে ঝুঁকি না নেওয়ার পরামর্শও দিচ্ছেন তারা।
সিলেট থেকে আসা আসিফ নামের এক পর্যটক বলেন, ‘সমুদ্রকে এমন রূপে আগে দেখিনি। ভয় আছে, কিন্তু এই সৌন্দর্য চোখ ফেরাতে দেয় না।’
চট্টগ্রাম থেকে আসা আরেকজন পর্যটক বলেন, ‘ঝড়ো হাওয়া আর ঢেউ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। তবে পানিতে নামার সাহস করছি না।’
আরও পড়ুন:
এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী চার দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, গত ২৪ ঘণ্টায় সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।





