কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তৃতীয় শিক্ষার্থীরও মৃত্যু

সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
0

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাইফ হোসেনের (১৪) মৃত্যুর মধ্যদিয়ে না ফেরার দেশে চলে গেল সপ্তম শ্রেণির তিন বন্ধু। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়।

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় তার দুই সহপাঠী রহমত উল্লাহ (১৪) ও সাহাবী হোসেন (১৪)। নিহতরা হলো হেকমত উল্লাহর ছেলে রহমত, আমিনুল ইসলামের ছেলে সাহাবী এবং জিয়ার আলীর ছেলে সাইফ।

তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা সবাই উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছে,শনিবার সকালে তিন বন্ধু প্রাইভেট পড়তে দৌলতখালী মাদ্রাসা মোড়ে যায়। প্রাইভেট পড়া শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল অবস্থার অবনতি ঘটলে নেওয়া হয় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

শনিবার বিকেলে রহমত ও সাহাবীর এবং সোমবার সকাল ১১টায় জানাজা শেষে সাইফকে দাফন করা হয়। দৌলতখালী চৌহদ্দিপাড়া মাঠ এলাকার কবরস্থানে তিন বন্ধুকে পাশাপাশি কবর দেওয়া হয়। একই গ্রাম, একই স্কুল ও একই শ্রেণির তিন শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দৌলতপুর থানার (ওসি) আরিফুর রহমান তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ