নির্বাচনে জয়ের পর নিজের হাতে পোষ্টার-ব্যানার খুলেছেন মুজিবুর রহমান

মৌলভীবাজার
নিজের হাতে পোষ্টার-ব্যানার খুলেছেন মুজিবুর রহমান
এখন জনপদে
0

মৌলভীবাজার-৪ আসনে বিজয়ের দুই দিনের মাথায় সিলেট বিভাগে সর্বাধিক ব্যবধানে বিজয়ী ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী নিজের হাতে খুলতে শুরু করেছেন তার পোষ্টার ও ব্যানার। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় মুজিবুর রহমান শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের লালবাগ, সবুজবাগ এলাকায় নিজের হাতে পোষ্টার খোলেন এবং তার দুই উপজেলার সব নেতাকর্মীদের আহ্বান জানান স্ব স্ব এলাকার পোষ্টার ব্যানার খুলে ফেলার জন্য।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘শ্রীমঙ্গল কমলগঞ্জ একটি পর্যটন এলাকা। এ এলাকায় অনেক পর্যটকের আগমন ঘটে। সৌন্দর্য দেখতে এসে মানুষ যেন সৌন্দর্যই উপভোগ করে তাই আমি নিজেই আমার ব্যানার পোষ্টার অপসারণ শুরু করে আমাদের দলীয় কর্মীদের অনুরোধ করেছি স্ব স্ব এলাকায় তা খুলে ফেলতে।’

আরও পড়ুন:

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, ‘নব নির্বাচিত সংসদ সদস্য প্রকৃত অর্থেই তিনি একজন সুন্দর মনের মানুষ। নির্বাচনের একদিনের মাথায় এলাকাকে পরিচ্ছন্ন রাখতে তিনি নিজের পোষ্টার ব্যানার খুলতে শুরু করেছেন। সত্যিকার অর্থে তিনি ভালো মানুষ বলেই তিনি সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছেন।’

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, ‘হাজী মুজিবুর রহমান চৌধুরী একজন সজ্জন ব্যক্তি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে থেকেই মানবিক কাজে উনার অনেক অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। বিজয়ের পর পরই তিনি যে, তার পোষ্টার অপসারণ করছেন এটি একটি চমৎকার উদ্যোগ এজন্য আমি উনাকে ধন্যবাদ জানাই।’

এসএস