ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে বিআরটিএর চেক বিতরণ

হতাহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়া হয়েছে
এখন জনপদে
0

ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ (রোববার, ১৫ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএর সহকারী পরিচালক পলাশ খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা মিনি বাস মালিক গ্রুপের সহ সভাপতি মুহা. শাহিন চৌধুরী এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন:

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের সেই শূন্যতা কখনোই পূরণ করা সম্ভব নয়, তবে এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হয়েছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত আবেদন পাওয়া ৩৭ জন নিহত ব্যক্তির পক্ষে এবং চারজন আহত ব্যক্তিকে মোট এক কোটি ৯৩ লাখ টাকার চেক বুঝিয়ে দেয়া হয়। যার মধ্যে নিহতদের প্রত্যেককে পাঁচ লাখ, আহতদের দুইজনকে অঙ্গহানির কারণে তিন লাখ করে এবং অপর দুই আহতের প্রত্যেককে এক লাখ টাকার চেক বুঝিয়ে দেয় বিআরটিএ ট্রাস্টি বোর্ড।

এসএইচ