বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এইচ.ই. স্টিভেন কোলেট
দেশে এখন
0

বাংলাদেশে ডাচ বিনিয়োগ সম্প্রসারণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, ব্লু ইকোনমি এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার,১২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট।

সাক্ষাৎকালে দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের দায়িত্ব গ্রহণ এবং দেশের সার্বিক সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে আসায় নেদারল্যান্ডসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে ডাচ বিনিয়োগ আরও বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ ও নীতিগত সহায়তা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে। কৃষি, টেক্সটাইল, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও প্রক্রিয়াজাতকরণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা বলেন উভয় প্রতিনিধি। বর্তমানে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে আম রপ্তানি এবং বাংলাদেশে ডাচ আলুর জাত সফলভাবে ব্যবহৃত হওয়ার বিষয়টিও উঠে আসে।

ব্লু ইকোনমি, জাহাজ নির্মাণ শিল্প এবং ডাচ কারখানাগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

আরও পড়ুন:

বিশেষ করে নদী ও খাল সংস্কারের আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, তিস্তা ব্যারেজ এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপদেষ্টা মাহদী আমিন শিক্ষা ও কর্মসংস্থান খাতের রূপান্তরে শিক্ষক প্রশিক্ষণ, যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, শিল্প ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়, বৃত্তিমূলক শিক্ষা প্রসার এবং বহুভাষিক শিক্ষা কার্যক্রমের আওতায় তৃতীয় ভাষা হিসেবে ডাচ ভাষা অন্তর্ভুক্তির উদ্যোগ ডাচ প্রতিনিধিদলকে অবহিত করেন।

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি রূপান্তরে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় মহাপরিকল্পনার কথা তুলে ধরা হয়। এছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সুরক্ষায় ‘কৃষক কার্ড’ চালুর পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়।

উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে আরও তুলে ধরেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি একটি প্রাণবন্ত সংসদ পরিচালনা, বিরোধীদলের অবাধ মতামত প্রকাশের সুযোগ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার অগ্রগতির বিষয়গুলো বৈঠকে সবিস্তারে আলোচিত হয়।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এইচ.ই. জোরিস ভ্যান বোমেল এবং টেকসই উন্নয়ন বিষয়ক রাষ্ট্রদূত এইচ.ই. ওয়াম্পি লিবন।

এসএস