বিএনপির নির্বাচনি ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

খাল খনন কর্মসূচিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ
এখন জনপদে
0

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ভোটের কালির দাগ মুছার আগেই তারেক রহমান নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন। বিএনপির নির্বাচনি ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।

আজ (সোমবার, ১৬ মার্চ) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নোয়া টেকনোলজি হাউজিং মাঠে নোয়াখালীর সদর উপজেলার পেটকাটা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা নিজেরাও বুঝতে পারিনি আমাদের নেতা ও প্রধানমন্ত্রী এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন।’

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা দেয় না, সে পরিকল্পনা বাস্তবায়নও করে। জনগণের কল্যাণে নিবেদিত এ ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে অনুপ্রাণিত করেছে।’

তিনি দাবি করেন, বিএনপির নির্বাচনি ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। তারেক রহমান এখন শুধু বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সাল আহমদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ আজাদ, নোয়াখালী পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী হুসাইন মুহাম্মদ খালিদুজ্জামান।

উল্লেখ্য, নোয়াখালী জেলার পানি নিষ্কাশনের অন্যতম প্রধান খাল নোয়াখালী খাল। পেটকাটা খালটির ৭ কিলোমিটার নোয়াখালী সদর ও ৩ কিলোমিটার কবিরহাট উপজেলায় অবস্থিত। এটি পুনঃখননের মাধ্যমে ১০ কিলোমিটার দূরে নোয়াখালী খালের সাথে সংযুক্ত হবে। খালটির খনন ব্যয় ৮০ লাখ ৬৯ হাজার ৭৬০ টাকা।

এএইচ