আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
অস্ত্র হারানো এএসআইয়ের নাম পারভেজ মল্লিক। তিনি জানান, গত শনিবার বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।
পারভেজ মল্লিক জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
আরও পড়ুন:
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। অভিযানের সময় তার সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই ডিউটিতে গিয়েছিলেন বলে দাবি করেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান এএসআই পারভেজ মল্লিক।
এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।’





