জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমার লক্ষ্য হলো—দরিদ্র মানুষের কল্যাণ করা এবং একটি মাদকমুক্ত ও 'কিশোর গ্যাং' মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। নবম শ্রেণির একটি মেয়ে বখাটেদের ভয়ে স্কুলে যেতে পারে না; পথে তাদের শিস দেয়া হয়। সমাজ কেন এর প্রতিরোধ করছে না? কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অপমান করা হয়, গালি দেয়া হয়। রাস্তায় যদি ১০০ মাইল বেগে গাড়ি চলে, তবে কি কেউ নিরাপদ থাকবে?’
তিনি বলেন, ‘তাই সমাজকে আজ মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমি আপনাদের পাশে আছি। আপনারা অপরাধীদের ধরিয়ে দিন। তারা যদি আপনাদের অপমান করে, তবে সেই অপমান আমি নিজের মাথায় নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’
স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, ‘আমার কোনো লোভ নেই; আপনারা আমাকে ছয়বার এমপি নির্বাচিত করেছেন। এই নির্বাচনে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে যারা নিজেদের গাড়িতে নিজেরা ঢিল ছুড়ে নির্বাচনকে বিভ্রান্ত করতে চেয়েছিল, আমি তাদের ধিক্কার জানাই। এমনকি কিছু রিপোর্টার অর্থের বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে যাতে নির্বাচন নিয়ে একটি ইস্যু তৈরি করা যায়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘দিলদার মার্কেটের সামনে যখন গাড়িতে গুলির কথা বলা হলো, আমি নিজেই সেখানে উপস্থিত হলাম। আমি যাচাই করে দেখলাম, আসলে কোনো গুলির ঘটনা ঘটেনি। আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যেন ভবিষ্যতে এই ধরনের অসৎ সাংবাদিকতার জন্ম না হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউইসিএ ইনকের সহযোগিতায় স্কাইরক্স বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়।
আয়োজন কমিটির আহ্বায়ক আবু নাছের টিপুর সভাপতিত্বে ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ৬০ শিক্ষার্থীর মাঝে নগদ ১ লাখ ৭২ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।





