সাগর পথে ডিজেল পাচারকালে রোহিঙ্গাসহ আটক ১২

আটক ১২ জন
এখন জনপদে
0

দেশে যখন জ্বালানি তেলের সংকট নিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, ঠিক তখনই সমুদ্রপথে মিয়ানমারে তেল পাচারের এক বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড। আজ (শনিবার, ৪ এপ্রিল) পতেঙ্গা বহির্নোঙর এলাকা দিয়ে ৬ হাজার লিটার ডিজেল পাচার করার সময় ৮ জন রোহিঙ্গাসহ পাচারকারী চক্রের ১২ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, শনিবার ভোরে পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তারা। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত তেল পাচারের এক বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।

অভিযানে প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। নগরীর ফিশারি ঘাট থেকে তেলগুলো ড্রাম ভর্তি করা হয় বলে জানিয়েছেন আটকৃতরা।

আরও পড়ুন:

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে আটক রোহিঙ্গাদের দাবি তাদেরকে মাছ শিকারের জন্য নিয়ে যাচ্ছিল একটি চক্র।

কোস্টগার্ড পূর্বজোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্টগার্ড পতেঙ্গা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত ডিজেল, গ্যাস সিলিন্ডার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এ বোটকে ব্যবহার করে মানব পাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে পাচারের পরিকল্পনা করেছে বলে জানা যায়।’

ইএ