গাজীপুরে অবৈধ মজুত ও বেশি দামে গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অপরাধ
এখন জনপদে
0

গাজীপুরে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মহানগরের সদর মেট্রো থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) আর্মি ক্যাম্পের নেতৃত্বে জেলা প্রশাসনের এ অভিযানে সদর মেট্রো থানার দুটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিয়ামত সড়কের ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুত রাখা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন:

পরে দেশীপাড়া এলাকার ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখার দায়ে ওই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’ অভিযানে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এএইচ