মেহেরপুরে তেল পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মেহেরপুরে তেল পাম্পে পুলিশের অভিযান
এখন জনপদে
0

মেহেরপুর শহরের একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ (রোববার, ১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন।

জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রতিদিন পাম্পে তেল নিতে আসে সিরিয়াল ছাড়া, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে।

আজ পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিতে, ওদেরকে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে।

তিনি আরও বলেন, এভাবে নিরাপত্তাহীনতায় আমরা ব্যবসা করতে পারবো না। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান।

এএইচ