পানিতে জমির ধান তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া
প্রতীকী ছবি
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টানা বৃষ্টিপাতে জমির ধান তলিয়ে যেতে দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহাদ ওই গ্রামের হরমুজ আলীর ছেলে।

মৃতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টায় কৃষক আহাদ মিয়া শ্রমিক নিয়ে হাওরে তার জমির পাকা ধান কাটতে যান। তবে জমিতে গিয়ে দেখেন তার জমি পানিতে তলিয়ে গেছে। এটা দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষক আহাদ মিয়া।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

মৃত আহাদ মিয়ার ভাই ও ইউপি সদস্য আহামেদ আলী জানান, চোখের সামনে নিজের ৬ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে সহ্য করতে পারেনি কৃষক আহাদ। জমিতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শাহীনা নাছরিন বলেন, ‘টানা বৃষ্টিপাতের কারণে অনেক কৃষকের জমির ধান পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি।’

এসএইচ