জলাবদ্ধতায় হিলি সরকারি কলেজ মাঠ: দুর্ভোগে শিক্ষার্থীরা

এখন জনপদে
0

উজানের ঢল আর বৃষ্টির পানিতে বছরের বেশিরভাগ সময়ই ডুবে থাকে হিলির হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। এতে চলাচলসহ খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এই মাঠ থেকে তৈরি হয়েছে জাতীয় ফুটবল দলের বেশকিছু খেলোয়াড়। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার দ্রুত স্থায়ী সমাধান চান তারা।

বর্ষা মৌসুমে ভারতের উজানের পানি ও বৃষ্টির পানিতে বেশিরভাগ সময় ডুবে যায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ। আশপাশে বেশকিছু বসতবাড়িও পানি বন্দী হয়ে পড়ে প্রতি বছর। কলেজের শ্রেণি কক্ষে পানি প্রবেশ করে ব্যহত হয় পাঠদান।

উপজেলায় উল্লেখযোগ্য তেমন খেলার মাঠ না থাকায় এই মাঠের ওপর নির্ভরশীল কলেজের শিক্ষার্থী, স্থানীয় যুব সমাজ ও উপজেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও বিকেলে অবসর সময়ে শিশুদের বিনোদনের একমাত্র জায়গা মাঠটি। তবে পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রতি বছর বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকায় ভোগান্তি বাড়ে দ্বিগুণ। দ্রুত পানি নিষ্কাশন ও মাটি ভরাট করে স্থায়ী সমাধানের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীরা জানান, এখানে বসে সবাই আড্ডা দিতো, খেলাধুলা চলতো, ফুটবল ম্যাচ হতো, অনেক প্র্যাকটিস হতো। পানি জমার কারণে বিকেলবেলা যে প্র্যাকটিস হতো, সেই প্র্যাকটিসটা করা হয় না। সরকারের কাছে বিনীত একটা অনুরোধ যে পানি নিষ্কাশন করার ব্যবস্থাটা খুব দ্রুত যেন করে দেয়।

উপজেলা ক্রীড়া সংস্থার বেশকিছু খেলোয়াড় এই মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ফুটবল দলে এখন নিয়মিত খেলছেন। তবে মাঠটি পানিতে ডুবে থাকায় অনুশীলন করাতে পারছেন না বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন:

হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক রুহুল আমিন বলেন, ‘বছরের ছয় মাসই প্রায় এই মাঠটা ডুবে থাকে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করব যাতে অতি দ্রুত এই কলেজ মাঠটি ভরাটের ব্যাপারে তারা পদক্ষেপ নেন।’

দ্রুত বিকল্প ড্রেন নির্মাণ ও মাটি ভরাটের মাধ্যমে মাঠটি উপযোগী করে তোলার আশ্বাস দেন এই কর্মকর্তা।

হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, ‘ডিগ্রি কলেজের যে পুকুরটি আছে, এই পুকুরের কর্নার থেকে শুরু করে ওই সাইড দিয়ে একবারে চারমাথা মেইন ড্রেন পর্যন্ত আমরা এই পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন স্কিম হাতে নিয়েছি। এবং এই ড্রেনটি অনুমোদনের জন্য আমরা প্রকল্প আরইউডিপিপি প্রকল্পে পাঠিয়েছি।’

যে মাঠ থেকে জাতীয় দলের ফুটবলার তৈরি হয় সেই কলেজ মাঠই বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে মাঠটি খেলাধুলার উপযোগী করে তুলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- এমন প্রত্যাশা সবার।

ইএ