নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী
বিদ্যুৎস্পৃষ্টের প্রতীকী ছবি
এখন জনপদে
0

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় ছেলেকে বাঁচাতে মা গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার, ৬ মে) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ফয়সাল (১৭)। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিজ বাসায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা তাকে বাঁচাতে দৌড়ে যান এবং তাকে স্পর্শ করা মাত্রই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাজিব আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ