টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

অপহৃত বাংলাদেশিসহ উদ্ধার হওয়া ৬ জন
অপরাধ
এখন জনপদে
0

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মানবপাচার চক্রের এক নারী সদস্যকে বিপুল মিয়ানমারের মুদ্রাসহ (কিয়াট) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (শনিবার, ২৩ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, টেকনাফ বাজারের শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পশ্চিম গোদারবিল এলাকার একটি বাড়িতে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে জিম্মি করে রাখা হয়েছে। পরে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৬ জন ভিকটিমকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন উখিয়ার এক বাংলাদেশি যুবক এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৫ জন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক। অভিযানের সময় পালানোর চেষ্টাকালে মানবপাচার চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে মানবপাচারে ব্যবহৃত বিভিন্ন মূল্যমানের মোট ১ লাখ ৫১ হাজার ৬০০ কিয়াট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, পাচারকারী চক্রটি ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক অপহরণ করে ভিকটিমদের ওই আস্তানায় নিয়ে আসে। পরে তাদের পরিবারের কাছ থেকে জনপ্রতি ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে নির্যাতন চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হতো।

উদ্ধার হওয়া কামাল হোসেন নামে এক তরুণকে শারীরিকভাবে নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নারী সদস্য ও পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধে মানবপাচার দমন ও প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এএইচ