মসিকের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা

ময়মনসিংহ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা
এখন জনপদে
0

ঈদ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬৮৭ পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ (সোমবার, ২৫ মে) নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ, দুজন পরিচ্ছন্নতা কর্মীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীরা নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের শ্রমের কারণেই নগরবাসী একটি পরিচ্ছন্ন পরিবেশ পাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘সরকারি জায়গা পেলে হরিজনদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেবে সিটি করপোরেশন। বস্তিবাসী অনেকের ঘরে পলিথিনের ছাউনিতে বসবাস করেন। সিটি করপোরেশন এলাকায় কোনো ঘরে যেন পলিথিনের ছাউনি না থাকে সেজন্য কাজ চলছে। এরইমধ্যে প্রায় সাতশো পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।’

সিটি প্রশাসক বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের বস্তি বা কলোনিগুলোতে খাবার পানির সংকট প্রকট। পানি সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্প করে দেয়া হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার কাজ শুরু হয়েছে। নারী পুরুষের জন্য আলাদা টয়লেট ও গোসলখানার ব্যবস্থা করা হচ্ছে।’

অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের মানবিক ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এএইচ