বরগুনায় সিভিল সার্জন অফিসের পাশ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
এখন জনপদে
1

বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) হতে পারেন। তবে তার সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ