‘ওয়াই টাইপ’ সেতুতে বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা

আরিচা ফেরিঘাট
এখন জনপদে
0

দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু। দ্বিতীয় এ পদ্মা সেতু ঘিরে আগ্রহ বাড়ছে পাবনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের। রাজধানী ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যে পাবনার কাজিরহাট, রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচার মধ্যে ‘ওয়াই টাইপ’ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনার সব স্তরের মানুষের।

পাবনা একসময় ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত সমৃদ্ধ ছিলো। ৯০ দশকে যমুনা সেতু নগরবাড়ি ঘাট থেকে স্থানান্তর করে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার পর থেকেই জেলার ব্যবসা-বাণিজ্য স্থবিরতা নেমে আসে। যমুনা সেতুর পরিকল্পনা গ্রহণের আগে থেকে পাবনা বাসীর দাবি ছিলো সেতুটি নগরবাড়ি ঘাট থেকে আরিচা পর্যন্ত বিস্তৃত করার।

যমুনা সেতু হওয়ার পূর্বে পাবনা দিয়ে উত্তরবঙ্গের ১৬ জেলার সকল যানবাহন রাজধানী ঢাকায় যাতায়াত করতো। বর্তমানে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল করলেও তাতে সময় ও অর্থ বেশি খরচ হচ্ছে।

সময় ও অর্থ বাঁচাতে যাত্রীদের অনেকেই কাজির হাট- আরিচা নৌরুটে স্পিডবোট, লঞ্চ এবং ফেরিতে যাতায়াত করেন। এতে কৃষি পণ্য পারাপারসহ অন্যান্য জটিলতা হওয়ায় কাজিরহাট দৌলতদিয়া আরিচা ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর। সেতুটি হলে অত্র এলাকার জনগণ যাতায়াতের খুব সুবিধা হবে বলে মনে করেন স্থানীয়রা।

একই দাবি তুলেছে পাবনা চেম্বার অব কমার্স, মোটর মালিকসহ বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়ী সংগঠন।

ব্যবসায়ী রানা বিশ্বাস বলেন, ‘এ ওয়াই ব্রিজটা হলে শুধু আমাদের পাবনা থেকে ৮ জেলা বা ১৬ জেলা নয়, আমাদের রাজবাড়ীও হয়ে যাবে। রাজবাড়ী হলে আরও প্রায় ১৬টি জেলার সঙ্গে সংযোগ সহজ হবে। তাহলে ৩২টা জেলা আমাদের কানেক্টিভিটি হবে সারা দেশের সঙ্গে।"

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার বলেন, ‘আমরা এখনো বুক বেঁধে আছি। যে আমাদের এখানে ওয়াই টাইপের একটি সেতু— দীর্ঘদিন ধরে কিন্তু আমরা দাবি করে আসছি। পাটুরিয়া-কাজিরহাট, আগে ছিলো নগরবাড়ি, এখন ভাটিতে চলে গেছে কাজিরহাট। ঠিক আছে, পাটুরিয়া-কাজিরহাট-দৌলতদিয়া।’

স্মারকলিপি বা দাবিনামা পেলে অবশ্যই তা গুরুত্বের সাথে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হবে। যদি আপনাদের কাছ থেকে কোনো স্মারকলিপি বা অন্য যে কোনো মাধ্যম থেকে দাবিটি আসলে আমাদের জন্য সেটি ভালো হবে। আর আমরা বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে নিয়ে আসব।’

জেলার কৃষি পণ্য সহজে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত প্রেরণ, উত্তর এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবিলম্বে কাজীরহাট-দৌলতদিয়া-আরিচা ওয়াই টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি পাবনাবাসীর।

জেআর