টেকনাফে বিজিবির অভিযানে ৩ কোটির বেশি মূল্যের ইয়াবাসহ আটক ১

ইয়াবাসহ আটক মাদক পাচারকারী
এখন জনপদে
0

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। আজ (বুধবার, ১ জুলাই) দিবাগত রাত ১২টার পর টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার জাগীর হোসেন (২৮)।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

অভিযানের একপর্যায়ে বিজিবির প্রযুক্তিগত নজরদারিতে মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়। পরে নৌ-টহল দল কৌশলগত অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে একজন ব্যক্তিকে দুই বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এসময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে বস্তাসহ আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ‘বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম, নিয়মিত স্থল ও নৌ-টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

ইএ