কুষ্টিয়ায় সড়কের পাশে পড়েছিলো আহত মুদি দোকানি, হাসপাতালে মৃত্যু

নিহত রিপন কাজী
এখন জনপদে
1

কুষ্টিয়ার মিরপুরে রহস্যজনক মৃত্যু হয়েছে রিপন কাজী (২৫) নামে এক মুদি দোকানির। তার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) ভোররাতে আহত অবস্থায় নিজ দোকানের পাশেই পড়েছিলেন রিপন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রিপন মিরপুর পৌরসভার তালতলা এলাকার ‘রিপন স্টোর’ মুদি দোকানের মালিক ও একই এলাকার আলম কাজীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তার দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন:

এসময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানিয়েছে, রিপন কাজীকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম।

এফএস