মিশরের গোলে উল্লাসই কাল: কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে ব্রাজিলভক্ত নিহত

নিহত সমর্থক
এখন জনপদে
0

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের মঠপুস্কুরণী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচটি স্থানীয়ভাবে দেখছিলেন সমর্থকেরা। খেলা চলাকালে মিশর গোল দিলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং সেখানে থাকা আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কিছু ‘কটাক্ষমূলক’ মন্তব্য করেন।

আরও পড়ুন:

এনিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কয়েকজন উত্তেজিত আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শরিফুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে এবং এতে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ (বুধবার, ৮ জুলাই) দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এনএইচ