ঝিনাইদহে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারের স্থানে স্থানীয়রা
এখন জনপদে
0

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি চৌরি (চারদিক খোলা) ঘরে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে এটি হত‍্যা নাকি আত্মহত্যা, সেটি এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এফএস