যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

যুবদল নেতা রুবেল হোসেন
অপরাধ
এখন জনপদে
0

যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেল পাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে।’

এএইচ