টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল
টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত
আইন ও আদালত
এখন জনপদে
0

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় হোসেন আলী (৩৫) নামে এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত হোসেন আলী টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাহারতা রামখা পাড়া গ্রামের আ. খালেকের ছেলে। এ মামলায় হিরু মিয়া (৫৫) নামে অপর আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হিরু মিয়া সখিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় হিরু মিয়া আদালতে হাজির থাকলেও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হোসেন আলী পলাতক রয়েছে।

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, বিগত ২০২৫ সালের ২২ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার বড়চওনা এলাকায় কালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে আসামি হোসেন আলী ও হিরু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় আসামি হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম ও হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল ডিবি (দক্ষিণ) পুলিশের এসআই নুরুজ্জামান বাদি হয়ে সখিপুর থানায় মামলা করেন। বিচার শেষে আসামিদের এ সাজা দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান পারভেজ ও অ্যাডভোকেট খ. মনিরুল ইসলাম মনির।

জেআর