রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও; নিরবচ্ছিন্ন ও হয়রানিমুক্ত সেবার দাবি

বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও
এখন জনপদে
0

নতুন ট্রান্সফরমার দেয়ার নামে ঘুষ নিয়ে দুই মাসেও বিদ্যুৎ সরবরাহ না দেয়ায় রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন অর্ধ-শতাধিক গ্রাহক। এসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) সকাল ১১টায় বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

এসময় দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ করেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন রয়েছেন। বিদ্যুৎ অফিস নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য ৮০ হাজার টাকা দাবি করলেও এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু গেল দুই মাসেও ট্রান্সফরমার বসানো হয়নি এবং বিদ্যুৎ সংযোগও চালু করা হয়নি।

আরও পড়ুন:

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এমনকি এই আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিস করেন না, ফোনও ধরেন না। এছাড়া মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়। ফলে গ্রাহকদের অতিরিক্ত বিল ও নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাঘাইছড়ি মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রর আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, ‘জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে অতিরিক্ত ব্যয় ও জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দ্রুত সমস্যা সমাধান সম্ভব হয়নি। এছাড়া দূরত্বের কারণে সরবরাহ লাইনে ফল্ট হলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।’

এসএস