কিমের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী; সাইবার হামলায় মিলছে বিলাসবহুল পুরস্কার

কিম জং উন
বিদেশে এখন
0

কিম জং উনের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী গড়ে তুলেছে উত্তর কোরিয়া। সফল সাইবার হামলার পর হ্যাকারদের দেয়া হয় বিলাশবহুল ফ্ল্যাট ও বড় অংকের অর্থ। দেশ ছেড়ে চলে যাওয়া এই দলের কয়েকজন জানান, প্রায় এক দশক ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এই হ্যাকারবাহিনী কিম জং উনকে আরও বেশি ক্ষমতাবান ও উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে।

প্রতি বছর মাধ্যমিক স্কুলের দেড় থেকে দুইশো মেধাবী শিক্ষার্থীকে হ্যাকার হিসেবে তৈরির জন্য বেছে নেয় উত্তর কোরিয়া সরকার। এরপর তাদেরকে কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য পাঠানো হয় দেশটির সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে। সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর কয়েকজনকে হ্যাকার হিসেবে সামরিক বাহিনীর সাইবার ইউনিটে যুক্ত করা হয়। এই দলটি শুরুতে অবৈধ জুয়ার ওয়েবসাইট এবং পরে বিশ্বসেরা সাইবার হামলার মিশনের দায়িত্ব পায়। যারা হ্যাকার হতে পারে না, তাদেরকে পশ্চিমা সংস্থার বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ তৈরির প্রশিক্ষণ দেয়া হয়।

১৯৯৮ সালে গড়ে তোলা সাইবার ইউনিট নতুন মাত্রা পায় কিম জং উন দেশটির ক্ষমতায় আসার পর। ২০১৩ সালে তিনি ঘোষণা করেন, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধ অন্যতম হাতিয়ার। এরই আলোকে এক দশকেরও বেশি সময় ধরে এই কর্মসূচির চালিয়ে যাচ্ছেন দেশটির নেতা কিম জং উন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হ্যাকার বাহিনীর এক সদস্য জানান, তারা মূলত কিম জং উনের অন্যতম গোপন অস্ত্র।

কিম হিউং-কোয়াং বলেন, ‘উত্তর কোরিয়া থাকতে চাইলে মেধাবী শিক্ষার্থীদের বাধ্য হয়ে এই কর্মসূচিতে যোগ দিতে হবে। প্রতিভাবান শিশুদের খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চালানো হয়।’

চীনের মতো মিত্র দেশগুলোতে সহজে ভ্রমণ করে অবাধে ইন্টারনেট ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পায় হ্যাকাররা। হ্যাকিংয়ে সফল হলে প্রণোদনা হিসেবে মিলে বড় অংকের মার্কিন ডলার। পাশাপাশি রাজধানী পিয়ংইয়ংয়ে দেড় হাজার বর্গফুট আয়তনের বিলাশবহুল ফ্ল্যাট। এছাড়া, তাদের বিভিন্ন সরকারি পদ ও অভিজাত পরিবারে বিয়ের ব্যবস্থা করা হয়। দেশটিতে হ্যাকারদের পদবী বিজ্ঞানী বা গবেষক।

যদিও বিশেষ এই হ্যাকারদের দলটি সংখ্যায় খুবই ছোট। ২০২৪ সালের এক হিসাব মতে, দেশটির সাইবার যুদ্ধ কার্যক্রমে নিযুক্ত প্রায় সাড়ে ৮ হাজার কর্মী। এদিকে, বিদেশি মিশনে পাঠানো অনেক কর্মীকে মানবেতর জীবনযাপন করতে হয়। সার্বক্ষণিক নজরদারি, কঠিন লক্ষ্যমাত্রা, টানা পরিশ্রম ও চরম মানসিক চাপ থাকে তাদের ওপর।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর জন্য হ্যাকাররা কাজ করছে। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেয়া খুব কঠিন। যা কিম জং উনকে আরও শক্তিশালী ও ক্ষমতাবান করে তুলতে পারে।

চেইনঅ্যানালাইসিস এশিয়া-প্যাসিফিক গ্লোবাল সার্ভিসের সিনিয়র ম্যানেজার অ্যালেক জেব্রিক বলেন, ‘সাইবার ক্রাইম জগতে অনেক সময় একটি ভুল করলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরা পড়ার ভয় থাকে। কিন্তু উত্তর কোরিয়ার হ্যাকাররা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাসকগোষ্ঠীর জন্য এই কাজ করছে। তাই সফল হোক আর ব্যর্থ হোক তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না।’

সাম্প্রতিক হ্যাকিং ও সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বাইন্যান্স। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।


এফএস